
প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:২৯:০৩
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে মা ও মেয়ের শরীর। এদের মধ্যে মেয়ে মিলি আক্তারের অবস্থা আশঙ্কাজনক। মিলি আক্তার ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। তার স্বামী মো. সায়েম প্রবাসে থাকেন।

রোববার রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় ঘুমিয়ে থাকা মা ও মেয়ের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলাকার এক যুবক মিলি আক্তারকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়; কিন্তু মিলি আক্তারের অন্যত্র বিয়ে হয়ে যায়। তবে বিয়ের পর মিলি আক্তার স্বামীর বাড়িতেই বসবাস করতেন। এর মধ্যে বাপের বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে এমন দুর্ঘটনার শিকার হন তিনি ও তার মা। স্বজনরা তাদের দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি দেখা দিলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, অ্যাসিডে মেয়ে মিলি আক্তারের (২০) মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের (৫৫) বাম হাত ও উরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
অ্যাসিড দগ্ধদের আত্মীয় সাকিব হাসান জানান, রাতে মা ও মেয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে অ্যাসিড ছুড়ে মারে। পরে তাদের চিৎকারে বাড়ির অন্যরা ছুটে আসেন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, অ্যাসিড ছুড়ে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবককে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, ওই যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাকে উত্ত্যক্ত করতেন। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































