
অনলাইন ডেস্ক ৪ এপ্রিল ২০২৪ , ১২:৫৯:৫৭
গোপালগঞ্জের মুকসুদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মুকসুদপুর উপজেলার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর (১৮) মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও আরোহী ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে প্রতিবেশী ফায়জুলকে সঙ্গে নিয়ে হাফিজ ঘুরতে বের হন। রাত ১০টার দিকে ঘোরাঘুরি শেষে রাজৈরের টেকেরহাট বন্দরের দিকে যাওয়ার সময় শান্তিপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী ওই মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক হাফিজুল ও আরোহী ফায়জুল সড়কে উড়ে ছিটকে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জের মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































