
প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৭:৩৭:১৭
নারায়ণগঞ্জ থেকে আসা মো. আরিফ, রাজু মিয়া ও হাসিব নামের তিন যুবক কুমিল্লায় ছিনতাইকালে স্থানীয়দের হাতে আটক ও গণধোলাই শেষে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটে রোববার দুপুরে উপজেলা মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরপূর্বক আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পারভীন বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র যান। সেখান থেকে মোহনপুর বাজারে আল-আরাফা ইসলামি ব্যাংক লি. এর শাখায় বিদ্যুৎ বিল পরিশোধ করে বের হয়ে বিদ্যালয়ের উত্তর পাশে কামাল মেম্বারের বাড়ির সামনে আসলে, মো. আরিফ, রাজু মিয়া ও হাসিব নামের তিন ছিনতাইকারী এসে পারভীন বেগমকে ঘিরে ধরে এবং ভয়ভীতি প্রদর্শনে তার সাথে থাকা সবকিছু দিয়ে দিতে বলে।
ওই সময় পারভীন বেগম ভয়ে শোর-চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে ভৈষেরকুট গ্রামের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। পুলিশ তাদের নিকট থেকে ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগসহ ৪ হাজার ২৫০ টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করেন।
আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. আরিফ (২৫), মোশারফ হোসেনের ছেলে রাজু মিয়া (২৫), আনোয়ার মোল্লার ছেলে হাসিব (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সোমবার দুপুরে জেলা হাজতে প্রেরণ করে। মামলাটি দায়ের করেন- দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পারভীন। মামলা নাম্বার-১৯/৪১।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, আটককৃতরা সকলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের বাসিন্দা। ছিনতাইকালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পরে তাদের কাছে থাকা ছিনতাই হওয়া টাক উদ্ধার করে কোর্ট হাজতে চালান করা হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































