
অনলাইন ডেস্ক ২২ মার্চ ২০২৪ , ৮:০২:৩১
চিকিৎসা শেষে আগামীকাল শনিবার সিঙ্গাপুর থেকে দেশে আসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল (শনিবার) ইফতারের আগে বিকাল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির মহাসচিবের পৌঁছার কথা রয়েছে।তিনি জানান, তার শরীর এখন অনেকটাই ভালোর দিকে। দেশে ফিরে ২৪ মার্চ হোটেল ওয়েস্টিনে বিএনপির উদ্যোগে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
শায়রুল কবির খান আরও জানান, সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বিএনপি মহাসচিব। সেখানে তার বেশ কিছু পরীক্ষা- নিরীক্ষা হয়েছে। এসব পরীক্ষায় তার স্বাস্থ্যের প্যারামিটার নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৪ মার্চ স্ত্রীসহ সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব। ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































